ঢাকায় এক হাসপাতালে এক দিনে ৭১টি এন্ডোসকপি সম্ভব ?

 

২২ জুন ২০২৪ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন নিজেই দেখেছেন যে সেখানে গত বছর অক্টোবর মাসে এক দিনেই একাত্তর জন রোগীর এন্ডোসকপি করেছেন একজন চিকিৎসক। মি. সেন বিবিসি বাংলাকে বলেছেন তিনি ওই হাসপাতালকে রোগীর সংখ্যার চেয়ে মানসম্পন্ন চিকিৎসার পরামর্শের পাশাপাশি এসব ক্ষেত্রে পরিবর্তনের জন্য একটি সময় বেঁধে দিয়ে এসেছেন। “আমরা ওদের সময় দিয়েছি। আশা করি তারা ঠিক করে ফেলবে। তাদের বলেছি রোগনির্ণয় বা এন্ডোসকপিসহ চিকিৎসার ক্ষেত্রে যত্নবান হতে হবে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। ঘটনাটি হয়েছে ঢাকার সুপরিচিত বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে। ওই হাসপাতালের কর্ণধার অবশ্য বিবিসি বাংলাকে বলছেন স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় তিনিও সাথে ছিলেন। তার দাবি ঘটনাটি যেভাবে প্রচার হচ্ছে আসলে তা নয়। “আমরা চেষ্টা করছি রোগীদের কম টাকায় সর্বোচ্চ সেবা দিতে। আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসকরা যেসব প্রটোকল অনুসরণ করেন সেটাও করা হচ্ছে,” বলছিলেন তিনি। তবে সংশ্লিষ্ট চিকিৎসক বিবিসিকে বলেছেন একদিনে ৭১টি এন্ডোসকপি তার নেতৃত্বে হয়নি। “আমি সহ আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে কাজ করেন। সবাই মিলে একাত্তরটি হতে পারে। আর ওই হাসপাতালের এন্ডোসকপি বিভাগের প্রধান আমি নই, ফলে আমার নেতৃত্বে এতো এন্ডোসকপি হওয়ার সুযোগই নেই,” বলছিলেন তিনি। যদিও স্বাস্থ্য অধিদফতর বলছে হাসপাতালগুলোতে রোগী দেখার সময় কতটা হবে কিংবা রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করতে হবে তার কোন বিধিমালা না থাকায় তারা এসব বিষয়ে ‘চিকিৎসকের বিবেকের’ ওপর নির্ভর করছেন। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন হাসপাতালগুলোতে মানসম্মত সেবা বা কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করার জন্য রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের বাইরে তৃতীয় কোন সংস্থা (রেগুলেটরি) থাকা জরুরি হয়ে পড়েছে।"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url